সন্তানকে পাশে রেখে গলায় ফাঁস দিলেন মা, শিশুর কান্নায় ঘুম ভাঙল সবার

ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামে এক তরুণ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সময় তার এক বছর বয়সী সন্তান ঘরেই ছিল।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন একই এলাকার সৌদি আরবপ্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সকালে নয়ন ও তার শাশুড়ি একসঙ্গে নাস্তা করেন। পরে সকাল ১০টার দিকে শাশুড়ি বাড়ির পাশের ক্ষেতে কাজ করতে যান। কিছু সময় পর প্রতিবেশীরা তাকে জানান, তার নাতি ঘরের ভেতরে কান্নাকাটি করছে।
খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, তার পুত্রবধূ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
প্রাইমটিভি/এম এইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




