চার দিনের চীন সফরের শেষ দিনে আজ শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা হবে। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এর আগে সফরের তৃতীয় দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনা এবং ব্রিকসে অন্তর্ভুক্তির বিষয়ে চীনের ইতিবাচক সমর্থনের পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিসংক্রান্ত ১৩টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সফরের শেষ দিনে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং চীনের জাদুঘর পরিদর্শন করেন।

২৪ সদস্যের উচ্চপর্যায়ের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং উপদেষ্টা হুমায়ুন কবির ও রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর শেষে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীন আসেন প্রধানমন্ত্রী। সফল সফর শেষে আজ শুক্রবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী দল।

প্রাইমটিভি/বিএম