রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে সংলাপে সহায়তার আশ্বাস চীনের

ছবি- সংগৃহীত
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা শুরু করতে চাইলে প্রয়োজনীয় সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে চীন।
শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বাংলাদেশ চায়, নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ উপায়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত হোক।
মাহদী আমিন বলেন, চীন জানিয়েছে, বাংলাদেশ যখনই প্রয়োজন মনে করবে এবং মিয়ানমারের সঙ্গে সংলাপের প্রয়োজন হবে, তখন তারা সেই আলোচনায় সহায়ক ভূমিকা পালন করবে। এ বিষয়ে শিগগিরই আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। তিনি জানান, গণতান্ত্রিক সরকার হিসেবে বাংলাদেশ নিজস্ব উদ্যোগে এবং চীনের সহযোগিতায় মিয়ানমার সরকারের সঙ্গে সংলাপ এগিয়ে নিতে চায়।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




