ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক

ছবি- সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক লোকোমাস্টারকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী ৬০৩ নম্বর মালবাহী ট্রেনে র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তি হলেন লোকোমাস্টার (ট্রেনচালক) মো. শাহজাহান মিয়া (৫০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটির ইঞ্জিনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বস্তার ভেতর থেকে ৮টি প্যাকেটে রাখা মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লোকোমাস্টার শাহজাহান মিয়াকে আটক করা হয়।
অভিযান শেষে রাত পৌনে ১টার দিকে অন্য একজন লোকোমাস্টার দায়িত্ব গ্রহণ করলে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আটক লোকোমাস্টারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




