বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে থাকলেও বর্ষা মৌসুমের প্রভাবে ঢাকার বায়ুর মানে সাময়িক উন্নতি দেখা গেছে। শুক্রবার (২৬ জুন) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৭৫, যা ‘মাঝারি’ মানের বায়ু হিসেবে বিবেচিত।

এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৯তম।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির AQI স্কোর ছিল ১৭৭। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৭০। তৃতীয় স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, যার স্কোর ১২৩। চতুর্থ অবস্থানে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১১৯) এবং পঞ্চম স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্তদের ঘরের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, বর্ষার বৃষ্টিপাতের কারণে বাতাসে ভাসমান ধুলাবালি ও ক্ষতিকর কণার পরিমাণ কমে যাওয়ায় রাজধানীর বায়ুর মানে সাময়িক উন্নতি এসেছে। তবে শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রাইমটিভি/কেআর