'তুরাগে সাত নেতার লাশ'— সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন: পুলিশ

ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে 'তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ' শিরোনামে একটি পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। ওই পোস্টে তুরাগ নদী থেকে সাত নেতাকর্মীর মরদেহ উদ্ধারের দাবি করা হলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের এক বিবৃতিতে বলা হয়, তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ উদ্ধারের দাবির কোনো সত্যতা নেই। এ ধরনের কোনো ঘটনার তথ্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই।

বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলেও জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কেউ এ ধরনের গুজব বা অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






