মসজিদের ইমামের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা

ইমামের ধর্ষণে ১৫ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে এই ঘটনার পর কিশোরী বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ জানায়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খেরুয়াজানী ইউনিয়নের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়। এর আগে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। লজিং শিক্ষক উপজেলার ভিটিবাড়ী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ ভুক্তভোগী কিশোরীর ফুফাতো ভাইয়ের সহপাঠী হওয়ায় তাদের বাড়িতে লজিং থাকতেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। কিশোরীর বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন । কিশোরী গ্রামের বাড়িতে দাদির সঙ্গে বসবাস করতেন।
অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২২ নভেম্বর রাতে পড়াশোনার সময় কিশোরীর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন আব্দুল্লাহ। পরে বিষয়টি কাউকে জানালে, কিশোরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই ভয় ও সামাজিক লজ্জার কারণে দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখেন কিশোরী।
কয়েক মাস পর কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তার দাদির সন্দেহ হয়। এরপর তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সে ২৭ সপ্তাহের, অর্থাৎ প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার কথা জানায় কিশোরী এবং অভিযুক্তের নাম প্রকাশ করে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তার বাবা থানায় মামলা করেন।
ভুক্তভোগী কিশোরী বলেন, লোকলজ্জার ভয়ে এতদিন কাউকে কিছু বলেননি তিনি। কিশোরী আরও বলেন তিনি তার সন্তানের সামাজিক স্বীকৃতি চান এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য ডিএনএ পরীক্ষার আবেদনও আদালতে করা হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







