কুমিল্লার লালমাই উপজেলায় এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক প্রতিবেশী নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত এনায়েতুর রহমানের পরিবারের সঙ্গে পাশের বাড়ির প্রবাসী সুমন চৌধুরীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক বছর আগে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এছাড়া প্রায় এক মাস আগে ছুটিতে দেশে এসে সুমন চৌধুরী তার স্ত্রীর প্রতি এনায়েতুর রহমানের অসদাচরণের অভিযোগ তুলেছিলেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। চার দিন আগে তিনি আবার কর্মস্থলে ফিরে যান।

নিহতের মা নেহারা বেগম দাবি করেন, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিলেন। দুই হাতের কবজি ও আঙুল কার্যকর না থাকায় তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না। তার অভিযোগ, প্রতিবেশী নারী ঘরে ডেকে নিয়ে তার ছেলেকে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে, আটক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, এনায়েতুর রহমান তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন এবং আত্মরক্ষার্থেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ওসি মো. নুরুজ্জামান বলেন, আটক নারীর দেওয়া বক্তব্যসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/কেআর