৬ মাসে বাংলাদেশ ও আশপাশে ৩২ ভূমিকম্প, জুনেই অনুভূত হয়েছে ৬টি

৬ মাসে বাংলাদেশ ৩২ ভূমিকম্প । প্রাইম টিভি
চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মোট ৩২টি ছোট বড় ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে শুধু জুন মাসেই অনুভূত হয়েছে ৬টি ভূমিকম্প। তবে এই পরিস্থিতিকে অস্বাভাবিক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১২টি ভূমিকম্প রেকর্ড হয়েছে ফেব্রুয়ারিতে। জুনে ৬টি, মে মাসে ৪টি এবং জানুয়ারি ও মার্চে ২টি করে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
তীব্রতার ভিত্তিতে ৩২টি ভূমিকম্পের মধ্যে ১৩টি ছিল মৃদু, ৯টি মাইনর, ৮টি মাঝারি, ১টি খুবই মৃদু এবং ১টি ছিল তীব্র মাত্রার।
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয় ২২ ফেব্রুয়ারি। ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩ হাজার ৩৪১ কিলোমিটার দূরে।
সবশেষ ২৮ জুন রাতে ঢাকা থেকে ৩৩৪ কিলোমিটার দূরে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর আগে ২২ জুন ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে ৪ দশমিক ০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, বছরের কোনো সময়ে ভূমিকম্পের সংখ্যা কিছুটা বেশি, আবার কোনো সময়ে কম থাকে। এটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। বর্তমানে উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে আগের তুলনায় ছোট মাত্রার ভূমিকম্পও শনাক্ত করা সম্ভব হচ্ছে। তাই রেকর্ডের সংখ্যা কিছুটা বেশি দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের স্বাভাবিক গতিশীলতার কারণেই বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে সময় সময় ছোট বড় ভূমিকম্প হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও ভূমিকম্প প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






