তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন । সংগৃহীত
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা নিয়ে ভারতের উদ্বেগের জবাবে স্পষ্ট অবস্থান জানিয়েছে বেইজিং। চীন বলেছে, এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত।
সোমবার (২৯ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন বাংলাদেশকে জনকল্যাণমূলক এ প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো দেশের বিরুদ্ধে নয়।
গুও জিয়াকুনের ভাষ্য, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে চীন প্রস্তুত রয়েছে। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, পানি সংরক্ষণ ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহও প্রকাশ করেছে বেইজিং।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, প্রকল্পটির ওপর প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। সমীক্ষার ফল ইতিবাচক হলে প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে চীন।
চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানো হয়। এর মাধ্যমে তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যায়।
তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত। কারণ তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের কাছাকাছি অবস্থিত। ভারতের আশঙ্কা, এই এলাকায় চীনের সম্পৃক্ততা ভবিষ্যতে কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। ফলে তিস্তা প্রকল্পের অগ্রগতির ওপর নয়াদিল্লি নিবিড় নজর রাখছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






