দেশে ফিরেছেন ইরানে আটকে পড়া তিন বাংলাদেশি

ইরানে আটকে পড়া তিন বাংলাদেশি । সংগৃহীত
ইরানে আটকে পড়া তিন বাংলাদেশি দেশে ফিরেছেন। তেহরানের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (২৯ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, তিন বাংলাদেশির দেশে ফেরার যাত্রা ছিল অত্যন্ত কঠিন। তাদের মধ্যে দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় গুরুতর আহত হন। দেশে ফেরার আগে তাদের চিকিৎসা দিতে হয়। আরেকজন বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলের চলমান সংঘাতের সময় তুরস্ক সীমান্তের দিকে যাওয়ার পথে আটক হয়ে দুর্ভোগের শিকার হন।
দূতাবাসের উদ্যোগ এবং আইওএমের সহযোগিতায় তাদের তেহরানে এনে নিরাপদ আবাসন, খাবার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং দেশে ফেরার সব ধরনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি যাত্রাপথে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশে পৌঁছানোর পর পুনর্বাসনের জন্যও আইওএম আর্থিক সহায়তা দেবে।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
একই সঙ্গে প্রবাসে বিপদগ্রস্ত বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দূতাবাস সবাইকে অনিয়মিত অভিবাসনের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। দূতাবাসের ভাষ্য, এ ধরনের যাত্রা জীবনহানি, গুরুতর আঘাত এবং দীর্ঘমেয়াদি আটকের কারণ হতে পারে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






