বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত

ছবিঃ বাস দুর্ঘটনা (সংগৃহীত)
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গোপালগঞ্জের সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা 'সেবা গ্রিন লাইন' পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাসুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের মধ্যে ২০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





