জব্দকৃত গাঁজা বিক্রির অভিযোগে ওসিকে প্রত্যাহার

ছবিঃ ওসি মো. আবদুল বারী (সংগৃহীত)
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠার পর এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি মডেল থানার দুই এসআইয়ের বিরুদ্ধে জব্দ করা ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগ ওঠে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় ওসি মো. আবদুল বারীকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি দাবি করেন, একটি পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের জেরেই তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
তিনি আরও বলেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তাঁর ভাষায়, "যদি অভিযোগ প্রমাণিত হয়, প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।"
ওসি আবদুল বারীর অভিযোগ, ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করিয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






