জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি আরামকোর জুলাই ২০২৬ মাসের সৌদি সিপি অনুসারে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হবে। বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।

বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও (www.berc.org.bd) প্রকাশ করা হবে।

এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।

এখন ভোক্তা ও ব্যবসায়ীদের নজর বিইআরসির নতুন ঘোষণার দিকে। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই মাসের এলপিজির মূল্য নির্ধারণ করা হবে।

প্রাইমটিভি/এনজি