অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ নয়: চিফ হুইপ

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের মাটি প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার হোক বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রতিবেশী রাষ্ট্র হস্তক্ষেপ করুক—দুটির কোনোটিই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, “বাংলাদেশের ভূখণ্ড কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার হোক, আমরা তা চাই না। একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর কোনো ধরনের হস্তক্ষেপও কাম্য নয়।”
ভারত প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে যে হারে মসজিদ ভাঙার ঘটনা ঘটে, বাংলাদেশে কি সেই হারে মন্দির ভাঙা হয়?” একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর ভারত কীভাবে নিয়েছে, তা দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বাজেট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট বিরোধী দলও গ্রহণ করেছে। ফলে এ বাজেট বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে সংসদের ভেতরে ও বাইরে সরকার এবং বিরোধী দল একসঙ্গে কাজ করবে।
সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি জাদুঘর কবে উদ্বোধন করা হবে—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
এ সময় তিস্তা মহাপরিকল্পনাকে ‘দেশ বাঁচানোর প্রকল্প’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষকদের সেচের জন্য প্রয়োজনীয় পানির নিশ্চয়তা দিতে সরকার এ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






