ওড়না দিয়ে দেবের ঘাম মুছছেন অভিনেত্রী শুভশ্রী

ছবিঃ সংগৃহীত
টালিউডের একসময়ের ব্লকবাস্টার জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ ১০ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন তাদের মেগাপ্রজেক্ট ‘দেশু৭’ সিনেমা দিয়ে। সম্প্রতি এই সিনেমার শুটিং সেটের একটি এক্সক্লুসিভ ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হতেই টালিপাড়ায় রীতিমতো হইচই পড়ে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে ‘দেশু৭’-এর পোস্টার শুটিংয়ের দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেখা যায়, রাস্তায় উল্টে পড়ে থাকা একটি গাড়ির ওপর দাঁড়িয়ে আছেন দেব ও শুভশ্রী। দুজনের পোশাকেই রক্তের ছাপ এবং দেবের হাতে রাইফেল। বোঝা যাচ্ছে এটি একটি অ্যাকশন দৃশ্য। তবে মূল হইচই শুরু হয় শটের মাঝখানের একটি মিষ্টি মুহূর্ত নিয়ে। তীব্র গরমে দেব যখন ঘেমে একাকার, তখন শুভশ্রী কোনো দ্বিধা না করে নিজের ওড়না দিয়ে পরম যত্নে দেবের মুখের ঘাম মুছিয়ে দিতে শুরু করেন।

‘চ্যালেঞ্জ’ বা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ খ্যাত এই জুটির অফস্ক্রিন রসায়নের এই ঝলক দেখে পুরোনো ভক্তরা দারুণ আনন্দিত। তবে নেটিজেনদের একটি বড় অংশ বেশ মজার ছলে শুভশ্রীর বাস্তব জীবনের স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্রর খোঁজ করতে শুরু করেছেন। অতীত প্রেম আর বর্তমানের এই সহজ সমীকরণ মিলিয়ে কমেন্ট বক্সে এখন লাইক-কমেন্টের বন্যা বইছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









