কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাসের অংশ নন; তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস। নজরুল আমাদের জাতীয় চেতনা, সাহিত্য-সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭'-এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি রাষ্ট্র ও সমাজে এমন কিছু ক্ষণজন্মা ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে, যাদের চিন্তা, সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং রাজনৈতিক-সামাজিক দর্শন যুগের পর যুগ মানুষকে প্রভাবিত করে। কাজী নজরুল ইসলাম তেমনই এক অনন্য ব্যক্তিত্ব, যার প্রভাব কৈশোর থেকে পরিণত বয়স পর্যন্ত জীবনের প্রতিটি স্তরে অনুভূত হয়।
তিনি বলেন, বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি এবং বাংলাদেশের ঐতিহ্যের কবি হিসেবে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন ও শোষিত জাতির মুক্তির আকাঙ্ক্ষায় তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো।
প্রধানমন্ত্রী আরও বলেন, পরাধীনতা, জুলুম-নির্যাতন, শোষণ, বৈষম্য, কুসংস্কার এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে নজরুলের কলম ছিল শানিত অস্ত্র। একই সঙ্গে বিপ্লব, বিদ্রোহ, রণসংগীত, ইসলামী মূল্যবোধ, ভজন-কীর্তন, শ্যামাসংগীত, প্রেম, প্রকৃতি এবং মানবিকতার প্রতিটি ক্ষেত্রে তার সৃষ্টিশীলতা ছিল অনন্য ও শুদ্ধ।
অনুষ্ঠানে জানানো হয়, সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে 'নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করেছে। এছাড়া কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে 'নজরুল সিটি' ঘোষণার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
প্রধানমন্ত্রী সারাদেশের নজরুল গবেষক, বিশেষজ্ঞ ও অনুরাগীদের সমন্বয়ে গঠিত 'নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটি'র মাধ্যমে বছরব্যাপী সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুলসংগীতের আসর, নাট্যোৎসব ও চিত্রপ্রদর্শনীর আয়োজন সফল করার আহ্বান জানান।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







