অফিস সহকারীর প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেয়া হলো না ১০ শিক্ষার্থীর

মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ । সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১০ শিক্ষার্থী। এ ঘটনায় কলেজের এক খণ্ডকালীন কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ফরম পূরণের নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন নির্ধারিত সময় পার হওয়ার পর অতিরিক্ত টাকার বিনিময়ে ফরম পূরণের আশ্বাস দেন। প্রায় দুই মাস আগে তিনি ১০ শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা নেন। তবে পরীক্ষা শুরুর দিন পর্যন্ত কেউই প্রবেশপত্র পাননি।
শিক্ষার্থীরা জানান, বারবার প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। বুধবার রাত থেকে অভিযুক্ত কর্মীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে না পেরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কলেজের সামনে অবস্থান নেন।
ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, কলেজের একজন কর্মচারীর ওপর বিশ্বাস করেই তারা টাকা দিয়েছিলেন। এখন একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার শঙ্কায় তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, কলেজে ফরম পূরণের সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হয় এবং হাতে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিষয়টি আগে জানানো হলে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে কিছু করার সুযোগ থাকতে পারত। ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








