স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি নিয়ে আইন প্রণয়নের সুপারিশ করা হবে। তার মতে, শিক্ষকতা একটি গুরুত্বপূর্ণ পেশা এবং নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছেড়ে দেওয়া উচিত।

তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সরকার বিনিয়োগ করছে। সেই বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন আনতে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছর গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন (জিপিই) কর্মসূচির আওতায় ইউনেস্কো ও ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা খাতের জন্য প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে।

প্রাইমটিভি/এনজি