ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪২২ গ্রেপ্তার, ৮৯ মামলা

ছবিঃ সংগৃহীত
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৮৯টি মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ১৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৮২ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা ও ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মহানগর পুলিশের অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা অংশ নেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







