বক্স অফিসে দর্শকদের ভরপুর বিনোদন দিয়ে দারুণ ব্যবসা করছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নতুন কমেডি ধামাকা 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। গত ২৬ জুন বিশ্বজুড়ে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে সিনেমা হলগুলোতে ভিড় জমাচ্ছেন সব বয়সী দর্শক। ফলশ্রুতিতে, মুক্তির মাত্র ৬ দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে মাল্টি-স্টারার এই সিনেমাটি।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের ভালোবাসা এবং অক্ষয়-সুনীল-পরেশ রাওয়াল ত্রয়ীর নস্টালজিয়াই সিনেমাটিকে এই দারুণ বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছে। স্যাকনিল্ক ও বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন ভারতের বাজারে ১৫.২৫ কোটি রুপি আয় করে খাতা খোলে ছবিটি। সবশেষ তথ্যমতে, প্রথম ৬ দিনে শুধু ভারতের বাজার থেকেই নেট ৮৭.৫০ কোটি এবং গ্রস ১০৪.২৫ কোটি রুপি আয় করে শতকোটির মাইলফলক স্পর্শ করেছে এটি। আর বিদেশি বাজার মিলিয়ে বিশ্বব্যাপী মোট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ১২৯.২০ কোটি রুপি।

১২৫ কোটি রুপি বাজেটের এই সিনেমার ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক রাইটস আগেই চড়া দামে বিক্রি হওয়ায় মূল বাজেট সুরক্ষিত ছিল। ফলে এখন থিয়েটার থেকে আসা আয়ের পুরোটাই নিট লাভ হিসেবে যোগ হচ্ছে। চলতি সপ্তাহে বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি একক আধিপত্য বজায় রেখে দ্রুতই ১৫০ কোটির ক্লাবে পৌঁছাবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

প্রাইমটিভি/বিএম