বর্ষাকালের আমেজ নিয়ে কোক স্টুডিও বাংলা সম্প্রতি প্রকাশ করেছে নতুন গান ‘মেঘ’। শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও ভারতের মৌসুমী দত্ত। রাগ ‘মিয়াঁ কি মালহার’-কে কেন্দ্র করে তৈরি গানটিতে স্বরণ দত্তের কথার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’ যুক্ত করা হয়েছে।

তবে প্রকাশের পর থেকেই তীব্র বিতর্কের মুখে পড়েছে ‘মেঘ’। শ্রোতাদের মতে, ‘সোনার তরী’ কবিতার কথার সঙ্গে গানের সুর ও সংগীতের সঠিক মেলবন্ধন ঘটেনি। এ কারণে ইউটিউব ও ফেসবুকের বিভিন্ন পেজে নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে। ২৮ জুন প্রকাশের পর গানটির ভিউ হয়েছে মাত্র ছয় লাখের কাছাকাছি, যা কোক স্টুডিও বাংলার অন্য গানের তুলনায় বেশ কম।

সমালোচনা নিয়ে অর্ণব বা অন্য শিল্পীরা নীরব থাকলেও সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন ভারতীয় গায়িকা মৌসুমী দত্ত। তিনি গানটিতে যুক্ত হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে জানান, অর্ণবের অনেক দিনের ভক্ত হওয়ায় বাংলাদেশ থেকে যখন কল পান, তিনি ভীষণ আনন্দিত হন। বেজ গিটার বাজানোর পাশাপাশি গানটিতে গাওয়ার সুযোগ দেওয়ার জন্য তিনি অর্ণবের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে শ্রোতাদের মূল আপত্তি ও ক্ষোভ ‘সোনার তরী’ কবিতার এই আধুনিক উপস্থাপন নিয়েই।

প্রাইমটিভি/বিএম