জন্মহার বাড়াতে বাবা-মায়েদের বাড়তি ছুটি দিচ্ছে ফ্রান্স সরকার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ । সংগৃহীত
ফ্রান্সে কমে আসা জন্মহার বাড়াতে মা ও বাবা উভয়ের জন্য নতুন সবেতন অতিরিক্ত ছুটির ব্যবস্থা চালু করেছে সরকার। বুধবার থেকে কার্যকর হওয়া এ উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
নতুন বিধান অনুযায়ী, বিদ্যমান মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি মা ও বাবা নিজেদের মধ্যে অতিরিক্ত এক থেকে দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন। প্রথম মাসে তারা নেট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন।
এই সুবিধা ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের জন্য প্রযোজ্য হবে। দত্তক গ্রহণকারী অভিভাবকরাও একই সুবিধা পাবেন।
এর আগে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি এবং বাবারা ২৮ দিনের পিতৃত্বকালীন ছুটি পেতেন।
২০২৪ সালে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বন্ধ্যত্ব ও ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি এটিকে ফ্রান্সের জনসংখ্যাগত পুনরুত্থানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা মৃত্যুর সংখ্যার চেয়ে কম ছিল। একই ধরনের জন্মহার সংকট এখন ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশেই দেখা যাচ্ছে।
তবে নারীবাদী সংগঠনগুলোর দাবি, নতুন এই সংস্কার যথেষ্ট নয়। তাদের মতে, তুলনামূলক কম আয়কারী সঙ্গী, যিনি বেশিরভাগ ক্ষেত্রে নারী, অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি থাকায় এটি লিঙ্গসমতা নিশ্চিত করতে তেমন কার্যকর হবে না।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







