দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রী ফাতেমার মৃত্যুদণ্ড

ছবি: মৃত্যুদণ্ড প্রাপ্ত ফাতেমা বেগম (সংগৃহীত)
ঢাকার মহাখালী এলাকায় দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে স্বামীকে হত্যা এবং মরদেহ ৬ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে সংঘটিত এ হত্যাকাণ্ডটি রাজধানীজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মামলার অভিযোগ অনুযায়ী, স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে তাকে হত্যা করেন ফাতেমা বেগম ওরফে শিল্পী। হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ৬ টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেন।
তদন্তে উঠে আসে, নিহতের মূল দেহ মহাখালীর আমতলী সড়ক থেকে উদ্ধার করা হয়। দুই হাত ও দুই পা উদ্ধার করা হয় মহাখালীর এনা বাস কাউন্টারের সামনের সড়ক থেকে। পরে বনানী ১১ নম্বর লেক থেকে উদ্ধার করা হয় মরদেহের মাথা।
ঘটনার পর পুলিশ ফাতেমা বেগম ওরফে শিল্পীকে গ্রেফতার করে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় সাক্ষ্য-প্রমাণ, আলামত ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন এবং আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
রাষ্ট্রপক্ষের দাবি, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক আলামতের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পূর্ণাঙ্গভাবে প্রমাণিত হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







