সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত
জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গুমের ঘটনায় দায়ের করা মামলায় তাঁর সম্পৃক্ততার অভিযোগে এ গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বাসা থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফজলুর রহমান সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা। তবে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেননি তিনি।
২০১২ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন পিরোজপুরের সুখরঞ্জন বালি। সেদিনই তিনি নিখোঁজ হন। পরে তিনি দাবি করেন, তাঁকে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে দীর্ঘ সময় কারাবন্দি রাখা হয়।
গত বছরের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সুখরঞ্জন বালি গুম, অপহরণ, নির্যাতন এবং প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে আটকে রাখার অভিযোগে একটি অভিযোগপত্র জমা দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ মোট ৩২ জনের নাম উল্লেখ করা হয়।
অভিযোগে সুখরঞ্জন বালি দাবি করেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় তাঁর পক্ষে সাক্ষ্য দেওয়ায় এবং মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে গুম, অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
গুমের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তের অংশ হিসেবে আরও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






