চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের লাশ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মাছবোঝাই একটি পিকআপ ভ্যানে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে, পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতকের মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজীর উদ্দেশে রওনা হয়েছিল অ্যাম্বুলেন্সটি। পথে বৃষ্টিতে ভেজা পিচ্ছিল সড়কে একটি ইউটার্ন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সামনে থাকা মাছবোঝাই পিকআপের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত হন নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। তবে অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের মা মনোয়ারা বেগম অক্ষত রয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. আক্তার হোসেন জানান, অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পিকআপটিকে ধাক্কা দিলে বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে সোনাগাজীর একটি হাসপাতালে নবজাতকটির জন্ম হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ফেনী সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। এরপর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, সকাল থেকে টানা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ অবস্থায় ইউটার্ন এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত দুটি যান উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাইমটিভি/এমআর