ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

ছবিঃ সংগৃহীত
টানা ভারী বর্ষণে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ২০০ থেকে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। প্রবল বর্ষণের কারণে শহরের নিচু এলাকাগুলো তলিয়ে গেছে, বহু সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য পৌর সংস্থার হেল্পলাইন ১৯১৬-এ যোগাযোগ করারও আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিবার সকালে মেট্রো ও বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও শহরতলির রেল চলাচলে বিলম্ব দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে যাত্রীদের দুর্ভোগও বেড়েছে।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেল ৩টা ২২ মিনিটে প্রায় ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ার এবং সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ারের সম্ভাবনা রয়েছে। ফলে বিশেষ করে নিচু ও উপকূলীয় এলাকায় বসবাসকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার শুরু হওয়া প্রবল বর্ষণে মাত্র ১২ ঘণ্টায় শহরের বিভিন্ন অংশে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে রাস্তাঘাট তলিয়ে যায়, কোথাও কোথাও সড়ক ধসে পড়ে, গাছ উপড়ে যায় এবং কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগও ব্যাহত হয়।
শুধু মুম্বাই নয়, টানা বৃষ্টির প্রভাব পড়েছে পার্শ্ববর্তী থানে, পালঘর, নভি মুম্বাই এবং পুনেতেও। এসব এলাকায় ভূমিধস, জলাবদ্ধতা ও বন্যার কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে।
আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকদের সর্বশেষ আবহাওয়া সতর্কতা অনুসরণ এবং অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






