জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৭৪৭ জন। রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

রোববার (৫ জুলাই) প্রকাশিত এ প্রতিবেদন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এ সময়ে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার প্রায় ৩১ শতাংশ। পথচারী নিহত হয়েছেন ৯১ জন। এছাড়া চালক ও পরিবহন সহকারী নিহত হয়েছেন ৫৭ জন।

যানবাহনভিত্তিক প্রাণহানির তালিকায় মোটরসাইকেলের পরেই রয়েছে থ্রি হুইলার। এসব যানবাহনে নিহত হয়েছেন ১১২ জন যাত্রী। এছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলিতে ৩৭ জন, বাসে ২৭ জন এবং প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে প্রাণ হারিয়েছেন ১৪ জন।

সড়কের ধরন অনুযায়ী, জুনে জাতীয় মহাসড়কে ১৫১টি, আঞ্চলিক সড়কে ১৯৪টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের সড়কে ৫৭টি দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ঘটেছে ২০৬টি দুর্ঘটনা। এছাড়া মুখোমুখি সংঘর্ষে ১০৯টি, পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে ৯৭টি এবং সামনে থাকা যানবাহনের পেছনে ধাক্কা লেগে ৫৩টি দুর্ঘটনা ঘটেছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। সেখানে ১১৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৮ জন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৪ জনের, আহত হয়েছেন ৪৯ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ১৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি জুন মাসে নৌপথে ৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৪ জন। একই সময়ে ২১টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন, আহত হয়েছেন আরও ৭ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, অনুপযোগী সড়ক, ত্রুটিযুক্ত যানবাহন, অতিরিক্ত গতি, চালকদের দক্ষতার ঘাটতি, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সীমাবদ্ধতাই দুর্ঘটনার অন্যতম কারণ।

পরিস্থিতির উন্নয়নে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে আরও কার্যকর করা, বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থার সংস্কার, মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ, দক্ষ চালক তৈরি, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার এবং মহাসড়কে নিরাপদ অবকাঠামো নিশ্চিতসহ ১২ দফা সুপারিশ করেছে সংগঠনটি।

প্রাইমটিভি/এনজি