উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমি নিম্নচাপে রূপ নিয়েছেঃ আবহাওয়া অধিদপ্তর

ছবিঃ সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমে আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে এবং নৌযান সংশ্লিষ্ট সবাইকে সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







