অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ছবি: সংগৃহীত
স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
আদালতে জাহের আলভীর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
এর আগে, গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে কারাগারে পাঠানো হয়। এরও আগে ১৮ জুন আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসায় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন দেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




