সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এই আমন্ত্রণকে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের উচ্চপর্যায়ের সফর ও পারস্পরিক যোগাযোগ বাড়লে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাইমটিভি/এমএইচ