সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী । প্রাইম টিভি
প্রযুক্তির কোনো বিকল্প নেই, তাই সময় নষ্ট না করে পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের প্রতিটি মানুষকে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। সরকারের লক্ষ্য যত দ্রুত সম্ভব সব খাতে ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা।
অর্থমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তা নিশ্চিত করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিলে সময়, অর্থ ও ভোগান্তি কমবে, একই সঙ্গে দেশের উৎপাদনশীলতাও বাড়বে।
তিনি আরও বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেসব সেবা সম্পর্কে জনগণকে জানানো এবং ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
এ সময় শেয়ারবাজার, বীমা খাতসহ সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে ডিজিটালাইজেশনকে কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন প্রযুক্তিগত উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








