মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের একটি ব্যতিক্রমী ঘুমের অভ্যাস নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘুমানোর সময় তিনি বিশেষ ধরনের মাউথ টেপ ব্যবহার করেন, যাতে ঘুমের সময় মুখের পরিবর্তে নাক দিয়ে শ্বাস নেওয়া নিশ্চিত করা যায়।

হালান্ড এক পডকাস্টে জানান, ভালো ঘুম দ্রুত শারীরিক পুনরুদ্ধারের জন্য তিনি এই পদ্ধতি অনুসরণ করেন। বিশেষজ্ঞদের ভাষায় এটি 'মাউথ টেপিং', যার লক্ষ্য হলো ঘুমের সময় নাক দিয়ে শ্বাস নিতে শরীরকে উৎসাহিত করা।

গবেষণায় দেখা গেছে, নাক দিয়ে শ্বাস নিলে বাতাস প্রাকৃতিকভাবে পরিশোধিত, উষ্ণ আর্দ্র হয়ে ফুসফুসে প্রবেশ করে। এতে কিছু মানুষের ঘুমের মান উন্নত হতে পারে এবং মুখ গলা শুকিয়ে যাওয়ার সমস্যাও কমতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মাউথ টেপিংয়ের উপকারিতা নিয়ে এখনও পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং এটি সবার জন্য উপযোগী নয়।

বিশেষ করে যাদের নাক বন্ধ থাকে, স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট বা অন্য কোনো শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা উচিত নয়।

মাউথ টেপিংয়ের পাশাপাশি হালান্ড ঘুমের আগে ব্লু-লাইট প্রতিরোধী চশমা ব্যবহার করেন, শোবার ঘর অন্ধকার, ঠান্ডা শান্ত রাখেন এবং ঘুমানোর আগে মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সীমিত রাখেন।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ঘুমের সময়সূচি, পর্যাপ্ত ঘুম, স্ক্রিনের ব্যবহার কমানো এবং আরামদায়ক পরিবেশে ঘুমানোএসব অভ্যাসের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে অনেক বেশি প্রতিষ্ঠিত। তাই নতুন কোনো স্বাস্থ্য-সংক্রান্ত অভ্যাস গ্রহণের আগে চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

প্রাইমটিভি/এমআর