ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষপান করেছেন মাসুদ রানা (২২) নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরশহরের মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদ রানা সদর উপজেলার মোলানী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়। বিষয়টি মেনে নিতে না পেরে বিয়ের দিন প্রেমিকার বাড়িতে যান তিনি। সেখানে হঠাৎ বিষপান করলে উপস্থিত স্বজনদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিয়ের অনুষ্ঠানে একজনের বিষপানের ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এনজি