ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে সোমবার (৬ জুলাই) রাজধানী তেহরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে তেহরানের দুটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচলও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বার্তা সংস্থা আইএসএনএর তথ্য অনুযায়ী, জনসাধারণের অংশগ্রহণে মূল জানাজা ও শেষযাত্রা নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করলেও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বন্ধ থাকবে।

এদিকে, আগামী বৃহস্পতিবার চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ শহরের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে ৭ ও ৮ জুলাই দেশের অন্যান্য অঞ্চলে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর কয়েক সপ্তাহব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ে, যা পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

সরকারি সূচি অনুযায়ী, সোমবার তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কুম শহরে, বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে রাষ্ট্রীয় মর্যাদায় চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হবে।

প্রাইমটিভি/এনজি