ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন এক ব্রাজিল সমর্থক শিক্ষার্থী। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক সহপাঠীর মানবিকতায় দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থতার পথে ফিরেছেন তিনি।

সোমবার (৬ জুলাই) রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানই) এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মাশরুফা শারমীন এ্যানি। আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহপাঠী নাইমুল ইসলাম মঈন আর্জেন্টিনা দলের সমর্থক।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় বসে শিক্ষার্থীরা ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করছিলেন। খেলার একপর্যায়ে নরওয়ে গোল করলে মানসিকভাবে ভেঙে পড়েন এ্যানি। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে টানা পাঁচবার বমি করেন। একই সঙ্গে তার রক্তচাপও কমে যায়।

পরিস্থিতি গুরুতর দেখে দেরি না করে নিজের মোটরসাইকেলে করে এ্যানিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সহপাঠী নাইমুল ইসলাম মঈন। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেওয়ার পর তার অবস্থার উন্নতি হয়। পরে হাসপাতালে এ্যানির অন্যান্য সহপাঠীরাও উপস্থিত হন।

ঘটনার বিষয়ে নাইমুল ইসলাম মঈন বলেন, "আমরা টিএসসিতে একসঙ্গে খেলা দেখছিলাম। নরওয়ে প্রথম গোল করার পরই এ্যানি অসুস্থ হয়ে বমি করেন। দ্বিতীয় গোলের পর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।"

ফুটবল মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে মঈন বলেন, "খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, খুনসুটিও থাকবে। কিন্তু সবার আগে আমরা মানুষ, আমরা সহপাঠী। মানবিকতার জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই।"

প্রাইমটিভি/এমআর