নভেম্বরের মধ্যেই বই বিতরণের প্রস্তুতি শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন বই । প্রাইম টিভি
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। ছাপাখানার সক্ষমতা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা মোকাবিলায়ও প্রস্তুত রয়েছে সরকার।
তিনি জানান, পাঠ্যপুস্তক ছাপার টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে, যাতে দ্রুত বই ছাপানোর কাজ শুরু করা যায়।
এহছানুল হক মিলন আরও জানান, চলতি বছর কারিকুলামে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণিতে নতুন চারটি বই যুক্ত করা হবে।
ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক সংকটের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ খাতে শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। তবে আগামী বছর থেকে এ নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








