ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এতে সভাপতি মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক মমরুজুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।

আজ (শুক্রবার) সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট এক হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মীর এমরান আলী পাপেল ও এ.কে.এম. মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক অ্যাডভোকেট সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান ও রাইসুল ইসলাম, অডিটর মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবিকুন্নাহার লিপি,  রিয়াদ মো.সাঈদ, রেজাউল কিবরিয়া, মো. শাহীন আলম, যায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব।

এবারের নির্বাচনে সভাপতি পদে মো. নুরুল হক তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে ৫৯৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ.কে.এম. আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এ.টি.এম. মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট