নাসীরুদ্দীন পাটওয়ারীর মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান

ছবি: সংগৃহীত
ঝিনাইদহে জুমার নামাজ শেষে হামলার অভিযোগে মামলা গ্রহণ না করার প্রতিবাদে সদর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের নিয়ে তিনি এ কর্মসূচি শুরু করেন।
নেতাকর্মীদের অভিযোগ, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিলেও পুলিশ নানা অজুহাতে মামলা নিচ্ছে না। এমনকি কর্মসূচি চলাকালে থানার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় গেলে অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “মামলা গ্রহণ না করা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে নাগরিকের আস্থা ও ন্যায়বিচারের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দলদাসত্বের সংস্কৃতি পরিত্যাগ করে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “আইনমন্ত্রীর নিজ এলাকাতেই যদি আইনের শাসন অনুপস্থিত থাকে, তাহলে পরিবর্তন শুরু হওয়া উচিত স্থানীয় পর্যায় থেকেই।”
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা থানাগুলো ও পুলিশ প্রশাসনের সংস্কারের দাবি জানান। তাদের ভাষ্য, দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত না হলে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।
তবে এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









