জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজও জাতীয় ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

রুহুল কবির রিজভী বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক ছিলেন কাজী নজরুল ইসলাম। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে মানুষ তার কবিতা ও গান থেকে অনুপ্রেরণা পেয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও নজরুল ছিলেন বড় প্রেরণার নাম।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে কাজ করছেন, সেখানেও নজরুলের আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

রিজভী জানান, জাতীয় কবিকে স্মরণে বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। তার ভাষায়, উপমহাদেশজুড়ে অন্যায় ও শোষণের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছিলেন কাজী নজরুল ইসলাম।

এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/কেআর