যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি নিয়ে বিএনপিকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে দলটির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছেন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। অথচ এখন সেই দায় জামায়াত, এনসিপি ও অন্তর্বর্তী সরকারের ওপর চাপানোর চেষ্টা চলছে।

আসিফ মাহমুদ দাবি করেন, চুক্তি হওয়ার আগে এনসিপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। যদিও বলা হচ্ছে, সব রাজনৈতিক দলকে বিষয়টি জানানো হয়েছিল। তিনি বলেন, চুক্তি সম্পন্নের জন্য ৯০ দিনের সময় থাকলেও সরকার মাত্র এক মাসের মধ্যেই তা করেছে।

এনসিপির এই মুখপাত্র আরও বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের তিন দিন আগে তড়িঘড়ি করে চুক্তি করে সেটির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, যদি চুক্তির কোনো অংশ দেশের স্বার্থের পরিপন্থি হয়, তাহলে তা বাদ দেওয়া উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্বের দুটি দেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন চুক্তি বাতিল করেছে।

তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই রাজনৈতিকভাবে দায় এড়ানোর চেষ্টা চলছে। এ ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।

প্রাইমটিভি/এনজি