বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিকূলতার কারণে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করতে পারেনি। তবে বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীরা অনেক বেশি স্বাধীনভাবে তাকে স্মরণ করার সুযোগ পাচ্ছেন।

শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়ে আমরা ১৭ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করতে পারিনি। আজ আমরা অনেক বেশি স্বাধীনভাবে এখানে এসে আমাদের প্রিয় নেতাকে স্মরণ করার সুযোগ পেয়েছি।”

তিনি বলেন, জিয়াউর রহমান পুরোনো রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন। দেশের উন্নয়ন, উৎপাদনমুখী অর্থনীতি এবং জাতীয় অগ্রগতির জন্য তিনি যে রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন রেখে গেছেন, তা এখনো সমানভাবে প্রাসঙ্গিক।

বিএনপি মহাসচিব আরও বলেন, “আজ তারই যোগ্য পুত্র তারেক রহমান সেই আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন। আমরা বারবার শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই এবং তার আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।”

তিনি দাবি করেন, দেশের চলমান সংস্কার কার্যক্রমেও জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও উন্নয়ন দর্শনের প্রতিফলন রয়েছে। ভবিষ্যতেও তার দেখানো পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রাইমটিভি/কেআর