আমরা যেখানে ছিলাম, সেখানেই থেকে গেলাম: দলীয় সভায় জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায়, অসত্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংসদের ভেতরে ও বাইরে সমানভাবে চালিয়ে যাবে বিরোধী দল। সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি দেশবাসীকে আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যেখানেই ফ্যাসিবাদ থাকবে, সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের অধিকার আদায়ে বিরোধী দল তার দায়িত্ব পালন করে যাবে।’
তিনি বলেন, জামায়াতের কোনো কার্যক্রম যদি দেশ ও জাতির স্বার্থবিরোধী হয়, তাহলে জনগণ যেন নির্দ্বিধায় সমালোচনা করেন। প্রয়োজনে প্রতিবাদও জানান। দল হিসেবে জামায়াত সেই সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে।
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে পুরো জাতি আছে। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারি ও বিরোধী দলকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।
দেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৪৭ ও ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। অতীতে রাষ্ট্র পরিচালনায় থাকা নেতৃত্বের ব্যর্থতার কারণেই দেশে এখনো কাঙ্ক্ষিত সামাজিক শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
মজলিশে শুরার ওই অধিবেশনে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









