জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ রায় ঘোষণা করা হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে সহযোগিতা ও উসকানিসহ মোট আটটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন হাসানুল হক ইনু।

জুলাই আন্দোলনে ছাত্রজনতাকে হত্যার অভিযোগে ২০২৫ সালের মার্চে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। একই বছরের ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৩০ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন ট্রাইব্যুনাল।

মামলার বিচার চলাকালে শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষ্য দেন। গত ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচার কার্যক্রম শেষ হয়।

রাষ্ট্রপক্ষ আদালতের কাছে হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অভিযোগ থেকে তাকে খালাস দেওয়ার আবেদন করেছেন।

প্রাইমটিভি/এনজি