আজ ঢাকায় পৌঁছাচ্ছে নিউজিল্যান্ড দল, মাঠে নামার অপেক্ষায় বাংলার টাইগাররা

ছবি: ইন্টারনেট
আজ বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুপুরেই ঢাকায় পৌঁছাবে কিউইরা। সিরিজকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এই সিরিজ সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, পারফরম্যান্স বিবেচনায় আগের সিরিজের ১৫ সদস্যের দলই অপরিবর্তিত রাখা হয়েছে।
দলের নেতৃত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে দলে আছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সৌম্য সরকারসহ অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়। তবে দলের কয়েকজন ক্রিকেটার এখনো পাকিস্তান সুপার লিগে ব্যস্ত। মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাহিদ রানা বর্তমানে পাকিস্তানে রয়েছেন। যদিও বোর্ড জানিয়েছে, ওয়ানডে সিরিজ শুরুর আগেই তারা দলের সঙ্গে যোগ দেবেন।
সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। আর ২ মে মিরপুরে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
তাই, ঘরের মাঠে নিউজিল্যান্ডকে সামনে রেখে এখন প্রস্তুত বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন মাঠের লড়াইয়ে।

নাজমুল গাজী
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








