জমে উঠেছে শিরোপা, আবাহনীর ষষ্ঠ জয়: কিংসের সঙ্গে পয়েন্টের সমতা

ছবি- সংগৃহীত
বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপার লড়াই এখন তুঙ্গে। ফর্টিস এফসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে ধরে ফেলেছে ঢাকা আবাহনী লিমিটেড। মারুফুল হকের কোচিংয়ে এটি আবাহনীর টানা ষষ্ঠ জয়।
বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জয়ের দৌড় এখন রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে। শুক্রবার (২৪ এপ্রিল) কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সমান ২৮ পয়েন্ট সংগ্রহ করল আকাশী-নীল জার্সিধারীরা।
ম্যাচের শুরুতেই নাটকীয়তা দেখে কুমিল্লার দর্শকরা। কিক-অফের পর মাত্র ৩৪ সেকেন্ডেই লিড নেয় আবাহনী। ডান দিক থেকে মিরাজুলের একটি ক্রস ঠেকাতে গিয়ে ফর্টিসের গোলরক্ষক সুজান পেরেইরা ও ডিফেন্ডার মিঠু চৌধুরী একে অপরের সঙ্গে ধাক্কা খান। বিপদমুক্ত করতে গিয়ে বলটি উল্টো মিঠুর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। অনূর্ধ্ব-২০ সাফ জয়ী অধিনায়ক মিঠুর এই আত্মঘাতী গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ম্যাচের একদম শুরুতে গোল হজম করে মানসিকভাবে পিছিয়ে পড়ে ফর্টিস এফসি। এরপর ম্যাচে ফেরার জন্য তারা একাধিক আক্রমণ চালালেও আবাহনীর রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। অন্যদিকে, টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানের জন্য জোরালো দাবি জানান দেয় মারুফুল হকের শিষ্যরা।
১৪ ম্যাচ শেষে আবাহনী ও বসুন্ধরা কিংস—উভয় দলের সংগ্রহই এখন সমান ২৮ পয়েন্ট। তবে বসুন্ধরা কিংস এক ম্যাচ কম খেলেছে। আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই আবারও এককভাবে শীর্ষে ফিরে যাবে তারা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









