২০২৬ আইপিএলের বর্তমান আসরে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই যাত্রা শুরু করতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। আসরের মাঝপথে আয়ুষ মাত্রে এবং খলিল আহমেদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট দলের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সাত ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ঋতুরাজ গায়কওয়াড়ের দল।

এইদিকে দীর্ঘদিন চোট ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর ধোনি এখন সম্পূর্ণ ফিট। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার ফেরার জোরালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তাকে মাঠে দেখা যায়নি। দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ধোনির শারীরিক অবস্থার ভালো উন্নতি হচ্ছে এবং তিনি সুস্থতার পথেই আছেন। তবে কবে নাগাদ তাকে একাদশে দেখা যাবে, সে বিষয়ে ফ্লেমিং কোনো নির্দিষ্ট তারিখ জানাননি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ধোনি পুরোপুরি সুস্থ হওয়া সত্ত্বেও এখনই একাদশে ফিরতে আগ্রহী নন। সিএসকের এই মৌসুমটি খুব একটা ভালো না কাটলেও, তিনি কোনো তরুণ খেলোয়াড়ের জায়গা নিয়ে দলের বর্তমান সমন্বয় বা কম্বিনেশন নষ্ট করতে চান না। তবে দলের প্রয়োজনে ম্যানেজমেন্ট তাকে আবারও উইকেটের পেছনে দাঁড়ানোর অনুরোধ করে কি না, সেটিই এখন দেখার বিষয়।

টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে থাকা চেন্নাই রান রেটের ব্যবধানে দিল্লি ও গুজরাটের চেয়ে এগিয়ে রয়েছে। গত ম্যাচে মাত্রের ইনজুরির কারণে তিন নম্বরে ব্যাট করতে নামেন সরফরাজ খান। এছাড়া ১৪.২০ কোটি রুপির খেলোয়াড় কার্তিক শর্মা ৬ নম্বরে নেমে ১৯ বলে ১৮ রান করতে সক্ষম হন। কার্তিকের এই ধীরগতির ব্যাটিংয়ের পর অনেকেই মনে করছেন, বর্তমান কম্বিনেশনে কার্তিকের জায়গায় ধোনির অন্তর্ভুক্তি দলের জন্য বেশি কার্যকর হতে পারে।

২৬ এপ্রিলের ম্যাচের পর চেন্নাই একটি লম্বা বিরতি পাবে। আগামী ২ মে নিজেদের ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আবারও মাঠে নামবে তারা। ভক্তদের প্রত্যাশা, সেই ম্যাচেই হয়তো প্রিয় খেলোয়ার মহেন্দ্র সিং ধোনিকে আবারও হলুদ জার্সিতে মাঠ মাতাতে দেখবে তারা।