চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ফেরার চেষ্টা চালিয়ে গেলেও এখনও পুরোপুরি ফিট না হওয়ায় মরক্কোর বিপক্ষে তাকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নামছে সেলেসাওরা। তবে উদ্বোধনী ম্যাচে নেইমারের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন নেইমার। পুনর্বাসনের অংশ হিসেবে কাজ চালিয়ে গেলেও শারীরিক অবস্থার কারণে তিনি সাম্প্রতিক কয়েকটি অনুশীলনে অংশ নিতে পারেননি। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতার সুবিধা পাওয়া যাচ্ছে না।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। তার পুনর্বাসন ইতিবাচকভাবে এগোচ্ছে এবং দলের মেডিকেল স্টাফও তার অবস্থার ওপর নিবিড় নজর রাখছে।

আনচেলত্তি বলেন, “নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশাবাদী, আগামী সপ্তাহের মধ্যেই সে পুরোপুরি ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে।”

ব্রাজিলের হয়ে নেইমারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ইনজুরিজনিত অনিশ্চয়তা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

গ্রুপ পর্বে মরক্কোর পর ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ব্রাজিল শিবিরের আশা, এই দুই ম্যাচের যেকোনো একটিতে মাঠে ফিরতে পারবেন নেইমার। তাই বিশ্বকাপের মঞ্চে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন কোটি কোটি ব্রাজিল সমর্থক।

প্রাইমটিভি/কেআর