ফুটবল ইতিহাসে অন্যতম স্মরণীয় জয় তুলে নিয়েছে ইকুয়েডর। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পর দেশজুড়ে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে ইকুয়েডর সরকার।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে লিড নেয় ইউরোপের পরাশক্তিরা। তবে পাঁচ মিনিট পরই নিলসন আঙ্গুলোর গোলে সমতায় ফেরে ইকুয়েডর।

দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি একটি পেনাল্টি পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় আক্রমণের বিল্ডআপে ফাউল ধরা পড়ায় সেটি বাতিল করা হয়। এরপর ৭৭তম মিনিটে গঞ্জালো প্লাতার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।

এই জয়ে সেরা আট তৃতীয়-স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় ইকুয়েডর। ঐতিহাসিক এই সাফল্য উদযাপনে প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া শুক্রবার দেশব্যাপী সরকারি ও বেসরকারি খাতে একদিনের ছুটি ঘোষণা করেন।

সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জার্মানির বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলা হয়, দেশের গর্ব ও জাতীয় ঐক্যের এই মুহূর্ত উদযাপনের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট নোবোয়া নিজেও ছেলে সঙ্গে নিয়ে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন। জয় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়াম থেকেই উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম এল কোমারসিও-কে দেওয়া প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নোবোয়া বলেন, “আমি খেলোয়াড় ও কোচিং স্টাফকে অভিনন্দন জানাই। নানা সমালোচনা ও কঠিন সময় অতিক্রম করেও তারা পুরো জাতিকে এমন এক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে।”

গ্রুপ পর্ব শেষে ‘ই’ গ্রুপে জার্মানি চ্যাম্পিয়ন এবং আইভরি কোস্ট রানার্সআপ হয়েছে। তৃতীয় স্থান পাওয়া ইকুয়েডরের শেষ ৩২-এর প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

প্রাইমটিভি/কেআর