বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

ছবি- সংগৃহীত
লিওনেল মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড গড়বেন না—এ যেন এখন কল্পনাই করা যায় না। চলমান বিশ্বকাপে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে একের পর এক ইতিহাস নিজের নামে লিখিয়ে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে নামেননি মেসি। কোচ তাকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করলেও ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামানো হয়। মাঠে নেমেই নিজের উপস্থিতির জানান দেন এই আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের কিছুক্ষণ পরই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ডে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে এককভাবে নতুন ইতিহাসের মালিক হলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এদিকে চলমান বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ধারাবাহিক এই গোল উৎসব আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।
বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙার পাশাপাশি টানা ম্যাচে গোল করার নতুন মাইলফলক স্পর্শ করে আবারও প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা—ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এখনও তিনিই অন্যতম সেরা।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









